কারফিউ কী?
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রকাশনা সংস্থা ম্যারিয়াম ওয়েবস্টার বলছে, কারফিউ বলতে নির্দিষ্ট সময়ের জন্য জনসাধারণের গতিবিধিকে নিয়ন্ত্রণ করা বোঝায়। এর ফলে সাধারণ মানুষের ঘর থেকে বের হবার ক্ষেত্রে বিধিনিষেধ থাকে।
এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার তথ্যমতে, কারফিউ শব্দের উৎপত্তি চর্তুদশ শতকে, পুরানো ফ্রেঞ্চ শব্দ 'Cuevrefu' থেকে, যার অর্থ আগুন ঢাকা।
ফ্রান্সে সে সময়কার বেশিরভাগ বাড়িই তৈরি করা হতো কাঠ দিয়ে আর ঘর গরম রাখতে মেঝের মাঝখানে আগুনের ব্যবস্থা করা হতো।
কিন্তু এর ফলে দুর্ঘটনার শঙ্কাও থাকতো। তাই সন্ধ্যার দিকে জনসাধারণকে সতর্ক করার জন্য একটি ঘণ্টা বাজানো হতো যাতে করে তারা রাতের বেলা আগুন নিভিয়ে রাখে। সেই ঘণ্টাকে ডাকা হতো কারফিউ।
অনলাইনে আইনি তথ্য দেয়া থমসন রয়টার্সের একটি প্রতিষ্ঠান ফাইন্ড ল বলছে, তিন ধরনের কারফিউ আইন আছে যার একটি ‘জরুরি কারফিউ আইন’।
সাধারণত নির্দিষ্ট সংকটের প্রতিক্রিয়ায় স্থানীয়, রাজ্য বা ফেডারেল সরকারের অস্থায়ী আদেশে জরুরি কারফিউ আইন জারি করা হয়। যেমন-
* প্রাকৃতিক দুর্যোগ (হারিকেন, দাবানল, বিস্ফোরণ ইত্যাদি)
* জনস্বাস্থ্য সংকট (রোগ, মহামারি ইত্যাদি)
* নাগরিক সংকট (বিক্ষোভ, দাঙ্গা, সন্ত্রাসী হুমকি ইত্যাদি)
বিশেষ ক্ষমতা আইনে কারফিউ জারিঃ
১৯৭৪ সালে প্রণীত বিশেষ ক্ষমতা আইনের ২৪ ধারার মাধ্যমে প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশে ‘কারফিউ’ বা ‘সান্ধ্য আইন’ প্রণয়ন করা হয়।
এতে বলা হয়, “কোনো জেলা ম্যাজিস্ট্রেট বা মহানগরী এলাকায় পুলিশ কমিশনার, সরকারের নিয়ন্ত্রণ সাপেক্ষে নির্দেশ করিতে পারেন যে আদশে উল্লিখিত অব্যাহতি সাপেক্ষে আদেশে উল্লিখিত এলাকা বা এলাকাসমূহে উপস্থিত কোনো ব্যক্তি, আদেশে নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট কর্তৃপক্ষ বা ব্যক্তি কর্তৃক প্রদত্ত লিখিত অনুমতি ব্যতীত, ঘরের বাহির হইবে না।”
অর্থাৎ সরকারের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট পরিস্থিতিতে কোনো জেলার জেলা ম্যাজিস্ট্রেট নির্ধারিত সময়ের জন্য জনসাধারণের চলাচলে বিধিনিষেধ দিতে পারবেন। তবে মহানগরীর ক্ষেত্রে চলাচলে বিধিনিষেধ দেয়ার এই ক্ষমতা থাকে পুলিশ কমিশনারের।
বিশেষত কোনো সংকটময় অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ দেয়া হয় বলে জানান পুলিশের সাবেক মহাপরিদর্শক একেএম শহীদুল হক।
তিনি বলেন, “যখন আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়, দুষ্কৃতিকারীদের দাপট বেড়ে যায় এবং জনমনে অস্বস্তি ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয় এবং পরিস্থিতি সামাল দিতে স্বাভাবিক আইনশৃঙ্খলা বাহিনী হিমশিম খায় তখন বাধ্য হয়ে কারফিউ দেয়া হয়।”
কেউ যদি এই আইন লঙ্ঘন করে তবে আইনে এক বছরের কারাদণ্ড বা জরিমানা দেয়ার বিধান রয়েছে।
তথ্যঃবিবিসি

Comments
Post a Comment